বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। একই সঙ্গে বাহিনীটির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
এছাড়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেসের (বিআইএইচএসএস) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই তিন কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের নিমিত্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে মহাপরিচালক, বিআইএইচএসএস পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল