নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

নবীন শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির প্রকৃত অগ্রগতি পরিমাপ করা যায় না। দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। বিশেষ করে তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।

আজ সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে টেকনিক্যাল বোর্ড অব এডুকেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঠেকাতে উপজেলা পর্যায়ে পরীক্ষার মাত্র এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সর্বশেষ সর্বাধিক পঠিত