অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ১ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মো. সোহেল রানা (২৬) সুন্দরগঞ্জ থানার গাইবান্ধা জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও ০১টি সিম কার্ড জব্দ করা হয়।

সিআইডি জানায়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর নিয়মিত অনলাইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণকালে একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ জুয়া পরিচালনা ও অর্থপাচারের বিষয়টি নজরে আসে। 

অনুসন্ধানে জানা যায়, চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত