পর্যটন চেয়ারম্যান

সারাদেশের পর্যটনকে এগিয়ে নিতে মহাপরিকল্পনা চলছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান জানিয়েছেন,সারাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে, অচিরেই তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে । এই মাস্টারপ্ল্যানের আওতায় নেত্রকোনার পর্যটনকেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আমন্ত্রণে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দুর্গাপুরের বিজয়পুরে সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন।

পর্যটন করপোরেশন চেয়ারম্যান জানান, ডেপুটি স্পিকারের নির্দেশনায় বৃহত্তর নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছি। গতকাল রবিবার আমরা খালিয়াজুরীর হাওরাঞ্চল এবং আজ কলমাকান্দার পাহাড়ি ঢাল, লক্ষ্মীপুর সীমান্তবর্তী পাহাড় ও ছড়া পরিদর্শন করে দুর্গাপুরের বিজয়পুরে সাদা মাটির পাহাড় পরিদর্শন এসেছি। 

তিনি আরও বলেন, বিজয়পুরের চীনামাটির পাহাড় বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক সম্পদ এবং আন্তর্জাতিক মানের পর্যটনের প্রোডাক্ট। এছাড়া এ জেলার হাওর, নদ-নদী, গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং হুমায়ূন আহমেদ ও নির্মলেন্দু গুণের মতো গুণীজনদের স্মৃতিবিজড়িত ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো।

অবকাঠামো ও কমিউনিটি ট্যুরিজমে গুরুত্ব: পর্যটন বিকাশে পরিকল্পনার কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, জেলা ও উপজেলা প্রশাসন এবং ইউএনওদের কাছ থেকে সব স্পটের তালিকা ও প্রতিবেদন নেওয়া হবে। পর্যটকদের যাতায়াত সহজ করতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি ভিত্তিতে কয়েকটি ব্রিজ নির্মাণের বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, সরকার সরাসরি ব্যবসা না করে অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ ও ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে ‘কমিউনিটি ট্যুরিজম’, ‘ইকো ট্যুরিজম’ এবং ‘হোমস্টে ট্যুরিজম’ এর ওপর জোর দেওয়া হচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা যেন হোটেল, মোটেল ও রিসোর্ট নির্মাণে এগিয়ে আসেন, সেজন্য ব্যাংক থেকে স্বল্পসুদে ঋণ এবং শুল্ক রেয়াতের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে।

নেত্রকোনাকে পর্যটন 'হাব' করার পরিকল্পনা: প্রতিটি স্পটে আলাদাভাবে সরকারি হোটেল-মোটেল নির্মাণ সম্ভাবনা নিয়ে চেয়ারম্যান বলেন, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নেত্রকোনা জেলা শহরকে কেন্দ্র করে একটি পর্যটন ‘হাব’ তৈরি করার পরিকল্পনা রয়েছে। যেখান থেকে পর্যটকরা সহজেই বিভিন্ন উপজেলার স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। এ সময় তিনি পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান এবং নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে সারাদেশের মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখার অনুরোধ করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত