বিনামূল্যে ছানি অপারেশন, নতুন আলোয় ৩০ দরিদ্র রোগী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ৩০ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মোহাম্মদপুরের দৃষ্টি চক্ষু হাসপাতালে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে, ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সৌজন্যে এবং বিদেশ ফাউন্ডেশন ইউএসএর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। পুরো আয়োজন পরিচালনা করেন বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম. এ. ওয়াদুদ।

আয়োজকেরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র মানুষ চোখের ছানি অপারেশন করাতে পারেন না। তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট এক উদ্যোক্তা বলেন, তার উদ্যোগ ও সহযোগিতায় এ পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগীর ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আয়োজকেরা চিকিৎসক, দাতা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত