সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি জাহাজ মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে। জাহাজটি আমিরাতের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন।
কোম্পানিটি তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, পরিবহন এবং বিপণনের কাজসহ আরব আমিরাতের জ¦ালানি খাত পরিচালনা করে।
আন্তর্জাতিকভাবেও তাদের ব্যবসা রয়েছে। হামলার এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন। নিখোঁজ একজন। বুধবার এক বিবৃতিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এসব তথ্য জানিয়েছে। জাহাজের বাকি ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে।
একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বিবৃতিতে এডিএনওসি বলেছে, ‘একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস ও নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে এলএনজি বহনকারী একটি জাহাজ ও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। স্বাধীনভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি। তবে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি ট্যাংকারে দ্বিতীয় দফায় হামলার পর এটির ক্রুদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খাসাবের উত্তরে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
আমিরাতের প্রতিষ্ঠান এডিএনওসি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। গত সোমবার একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই থাকা অপর দুটি রণতরিতে যোগ দিয়েছে।