‘ন ডরাই’-এর পর আবার একসঙ্গে অংশু-রাজ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র ‘লিম্বো’র প্রধান চরিত্রে যুক্ত হলেন চিত্রনায়ক শরিফুল রাজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর এই সিনেমায় রাজের যুক্ত হওয়ার ঘোষণাটি এল অভিনেতার জন্মদিনেই। ‘ন ডরাই’-এর পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ করে অংশু ও রাজ তাদের এই যৌথযাত্রার কথা জানান। টিজারে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমানো একটি মহাকাশযান এবং লাল আঁচল ওড়ানো এক রহস্যময় নারীকে দেখা গেছে। এর ক্যাপশনে ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’ বাক্যটির মাধ্যমে গল্পে প্রেম, বিচ্ছেদ ও মহাকাশযাত্রার এক রহস্যময় আভাস দেওয়া হয়েছে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতের আলোচিত ‘লাপাতা লেডিস’-খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। রাজকে বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা অংশু জানান, ‘ন ডরাই’-এর পর থেকেই রাজের সঙ্গে কাজের ইচ্ছা ছিল এবং গত কয়েক বছরে অভিনেতা হিসেবে রাজের যে পরিণত রূপ দেখা গেছে, তা ‘লিম্বো’র চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত। অন্যদিকে অংশুর ভিন্নধর্মী ভাবনা ও বিপ্লব গোস্বামীর চিত্রনাট্যে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ।

আন্তর্জাতিক মানের নির্মাণ নিশ্চিত করতে তিনটি ভিন্ন দেশে ‘লিম্বো’র শুটিং করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনেরও প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত