ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গতকাল বুধবার উত্তপ্ত ছিল রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল। রাজধানীর মিরপুর ১০ নম্বর, রূপনগর ও কাফরুল এলাকায় পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুর দিনভর শ্রমিক আন্দলনে উত্তাল ছিল মহাসড়ক। গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুনে পুড়েছে পুলিশের পজেরো গাড়ি। সাভারেও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। ওই এলাকার ১১২ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
একের পর এক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ চার জেলার বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর মিরপুর পোশাক শ্রমিকদের অসন্তোষের ফলে মিরপুর-১১, মিরপুর-১২, কাফরুল ও পল্লবী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। এর মধ্যেই রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে (বিস্তারিত পৃথক রিপোর্টে)।
কাফরুল ও মিরপুর-১৩ নম্বর এলাকায় সংঘর্ষ. সকাল প্রায় ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার শ্রমিকরা পাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা। মিরপুর-১২ নম্বর এলাকায়ও পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।
উত্তপ্ত গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন : বেতন বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে গতকালও উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাদা রঙের পাজেরো গাড়িতে আগুন দেওয়া হয়। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে তিনি গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার গাড়িতে আগুন দেওয়া হলে নিরাপত্তার কারণে তিনি সরে যান।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১১২ কারখানা বন্ধ : সাভারে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে পুলিশ, শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ১১২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উলাইল এলাকার ‘আল মুসলিম গ্রুপ’-এর পোশাক শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত কয়েকজন শ্রমিককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া এলাকায় আজকের জন্য মোট ১১২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রমিক অসন্তোষজনিত কারণে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে ১৪টি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিসের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও আটটি কারখানায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবিলুল হক জানান, আল মুসলিম গ্রুপে প্রায় ২১ হাজার শ্রমিক কর্মরত আছেন। ছুটি ঘোষণার পর প্রায় ৯৫ শতাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে চলে গেলেও বাকি প্রায় ৫ শতাংশ শ্রমিক আগ্রাসী আচরণ করে মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনে বহিরাগতদের ইন্ধন ছিল দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পাশের দিক থেকে কালো ও সাদা মাস্ক পরিহিত কিছু বহিরাগত লোক এখানে অনুপ্রবেশ করেছিল এবং তারাই মূলত বিশৃঙ্খলায় নেতৃত্ব দিচ্ছিল।’
সাভার-আশুলিয়ায় ২৬ মামলা : শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া এলাকায় এ পর্যন্ত ২৬টি মামলা হয়েছে বলে জানা গেছে। এ সব মামলায় এখন পর্যন্ত ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ : শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন রয়েছে। বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য এসব সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর : রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ওই কার্যালয়ে এ হামলায় অন্তত দুজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। ঘটনাস্থলের দুটি ভিডিওতে ভবনের সামনের কাচ এবং লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশ ভাঙা দেখা যায়।
কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও পারেনি। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
ডিএনসিসি প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন। মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী এসে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
পুলিশকে খবর দেওয়া হলেও বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি। এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেছেন, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। গতকাল বুধবার সকালে মিরপুর-১৪ এলাকার দুটি কারখানার শ্রমিকদের মধ্যে কাজে যোগ দেওয়া ও না দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ কারখানা থেকে বেরিয়ে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ধাওয়া খেয়ে কাজে যোগ দিতে আগ্রহী একদল শ্রমিক বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের নিচে আশ্রয় নেন। পরে কাজে যোগ দিতে অনিচ্ছুক শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন আহত হন এবং ভবনের কাচ ভেঙে যায়। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।