​ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

 ​খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পরপর ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাঁচে আগুন ধরে গেলে চালক তাৎক্ষণিক বাস থামালে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পেয়েছে যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড়ে যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

​বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুড়ে মারে। মুহূর্তেই বাসের সামনের গ্লাসে আগুন ধরে যায়। তখন দ্রুত গতি নিয়ন্ত্রণ করে গাড়ি থামালে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ‘আর-ওয়ান-ফাইভ’ ও একটি ‘ডিসকভার’ মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তারা ওই সড়কে মহড়া দিয়েছিল। পরে ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। 

তবে স্থানীয়দের দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ​খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত