মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয় এবং প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের পাশের একটি বড় কড়ইগাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। গাছটি চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্যাংকারের ওপর পড়লে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় যানজটের সৃষ্টি হয় এবং ট্যাংকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, মহাসড়কে গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছটি ভেঙে সড়কে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সরিয়ে নেওয়া হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত