সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে তাহিরপুর উপজেলা পরিষদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। 

তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের শাখার দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নৈশপ্রহরী হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, পাশের পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নেভানো হয়।

এতে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নৈশপ্রহরী চিৎকার করলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও পাশের পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এতে শুধু কাঠের দরজাটি পুড়েছে। পানি দিয়ে আগুন নেভানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত