১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক: দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে। 

ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।

তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।

তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।

তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, ১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

ব্রিফিংয়ে নেতারা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না। সে সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে যারা রয়েছে, তারাও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।

তারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণ সতর্ক রয়েছে। তারা জীবন দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং দেশপ্রেম নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। সেই প্রত্যয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়। আমাদের লক্ষ্য হলো জনগণকে রক্ষা করা, তাদের হেফাজত করা এবং অধিকার নিশ্চিত করা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত