মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের চ্যালেঞ্জ এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থায় পরিপালন (কমপ্লায়েন্স) জোরদারের কৌশল সম্পর্কে ধারণা দিতে কর্মশালার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর অ্যান্টি মানি লন্ডারিং গভর্ন্যান্স’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
এ সময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীরসহ বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে বিশেষ উপস্থাপনা করেন বিএফআইইউর উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এতে ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের এএমএল-সিএফটি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বর্তমান প্রেক্ষাপটে এ খাতের ঝুঁকিগুলো আরও গভীরভাবে চিহ্নিত করে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিএফআইইউর দায়িত্ব হলো, সব অংশীজনকে সঙ্গে নিয়ে এ ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করা। এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিটিআরসি, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার ভূমিকা রয়েছে। পাশাপাশি এ বিষয়ে সচেতন থাকা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি গ্রাহক ও সব অংশীজনের সঙ্গে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বিকাশ পরিপালন নিশ্চিত করে। এর অংশ হিসেবে ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। কর্মীদের সচেতন রাখার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং সমন্বিত কার্যক্রম চালানো হচ্ছে।
দেশের বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দায়িত্ব পালনে বিকাশ সব সময় সচেতন ও অঙ্গীকারবদ্ধ।
বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, মোবাইল আর্থিক সেবার (এমএফএস) পরিধি বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহারের প্রবণতাও বেড়েছে। এ ধরনের অপব্যবহার প্রতিরোধে বিকাশ পরিপালন কার্যক্রমকে ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিপালনসংক্রান্ত নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সারা বছর এমএফএসের অপব্যবহার, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া ও বেটিং, অনানুষ্ঠানিক রেমিট্যান্স এবং ডিজিটাল পেমেন্টের অপব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বিকাশ।