বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘আলোকিত শিশু ১৮-এর জয়গান’ শীর্ষক এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিবি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।
২০০৯ সাল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে ‘আলোকিত শিশু’। বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত হাজারো শিশুর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আলোকিত শিশু’ কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং ভিন্নভাবে সক্ষম শিশুদের স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রাম ও অগ্রযাত্রার একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘১৮-এর জয়গান’ উৎসবের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনার বিষয়গুলো সমাজের মূলধারায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।