বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)। গত ১৫ নভেম্বর সরকার তাকে এ পদে নিয়োগ দেয়। নিয়োগের পর ১৮ নভেম্বর ২০২৬ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিটিআরসিতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ছিলেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে তার তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর মধ্যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি বিষয়ে স্বর্ণপদকসহ অর্জিত স্নাতকোত্তর ডিগ্রি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি), ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।
তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, এমআইএসটিতে ‘সাইবার জিম’ প্রতিষ্ঠা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার নিরাপত্তাবিষয়ক নীতিমালা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাবাহিনী পদক (এসবিপি)’ এবং দুইবার ‘বিশিষ্ট সেবা পদক (বিএসপি)’ অর্জন করেন।
তার নেতৃত্বে দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা জোরদার, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণে বিটিআরসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।