শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও আধুনিক ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন।

নতুন মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর ওয়াই-ফাই সংযুক্ত স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেল, ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিকের বডিযুক্ত ৩০ লিটারের সুপ্রিম মডেল।

এ ছাড়া ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি এনেছে প্রতিষ্ঠানটি। শীতের সময় ঘর গরম রাখতে ওয়ালটন বাজারে এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ার সুবিধাও রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন মডেলের গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত পলিউরেথেন (পিইউ) থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত তাপে বিস্ফোরণের ঝুঁকি এড়াতে গিজারগুলোতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।

তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে এসজিএস কর্তৃক পরীক্ষিত এফসিএম (ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল) সনদপ্রাপ্ত ফুড গ্রেড উপাদান ব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি এসব পণ্যে পরিবেশবান্ধব উপকরণও ব্যবহার করা হয়েছে।

ওয়ালটনের ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া আইওটি প্রযুক্তির এই গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের সাহায্যে যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির স্বয়ংক্রিয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুবিধা রাখা হয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে গ্রাহকদের সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

শীত উপলক্ষে বাজারে আনা নতুন কম্বো মডেলের রুম হিটারটি শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় বাতাস শীতল করতেও ব্যবহার করা যাবে। এতে বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত