মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিচার নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে উদ্বৃত করে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে খণ্ডিত, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রকাশ বলে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যকে বিকৃত কিংবা অতিরঞ্জিত করলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে প্রধান বিচারপতিকে উদ্বৃত করে ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত বিচারে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’- এমন প্রতিবেদন প্রকাশ হয়। ইতোমধ্যে এ সংবাদের প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, তিনি (অ্যাডভোকেট আমিনুল ইসলাম) এজলাসে ছিলেন এবং প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে, প্রধান বিচারপতিকে উদ্বৃত করে এ প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিকর।
ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি আশা করি, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এই সুস্পষ্ট ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে।’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারপতিগণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে তাঁদের সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা কোনো বক্তব্যের বিষয়ে সাধারণত নিজের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করতে পারেন না। ফলে তাঁদের বক্তব্য সম্পর্কে কোনো ভুল, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায়।’ তিনি বলেন, ‘বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।’