জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের ওপর গুরুত্ব দিল বাংলাদেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম অধিবেশন (কপ-৩১)-এর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ বক্তব্য দেন তিনি।

এ সময় মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকায় সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলছে।

তিনি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এ সহযোগিতা শুধু নীতিগত অঙ্গীকার নয়, বরং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, গত ১৮ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় কপ-৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) কার্যক্রমের সূচনা উপলক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

এ অনুষ্ঠানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত অগ্রগতি মূল্যায়নের জন্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের জাতীয় বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা এবং প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদার করতে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়াকে কার্যকর ও ফলপ্রসূ করতে সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

সম্মেলনের দুটি পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার বিষয়ে দেশের অবস্থান তুলে ধরা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত