বৈদেশিক মুদ্রার মামলা

সালমান- আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক  উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন  আইনজীবী সুমন হোসাইনসহ কয়েকজন আইনজীবীরা। তবে, এদিন শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেন বিচারক সাদেকীন হাবীব বাপ্পী। ২০২৪ সালের আগষ্ট থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে আছেন।  

অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ গঠন নিয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য (১০ ডিসেম্বর) করেছেন আদালত।’ 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় নিউ মার্কেট থানার হত্যা মামলার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে  সদরঘাট ২ নম্বর মসজিদ লাগোয়া স্থানে বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা নিয়ে অবস্থানের খবর আসে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পালানোর চেষ্টা করেন তারা। এসময় তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি করে আনিসুল হকের ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। এছাড়া সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। 

এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত