পাবলিক বিশ্ববিদ্যালয় 

ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে সোমবার শুনানি 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্টে আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি তোলা হয়। চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক সংশ্লিষ্ট বিষয়ে আগামী সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাবির পক্ষে ছিলেন আইনজীবী কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।  

অ্যাডভোকেট জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়টি একটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু বিষয়টিকে উচ্চ আদালত পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল করা বা রিভিউয়ের মাধ্যমে যে ফলাফল পরিবর্তণ হবে, তারা তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ক্রাইটেরিয়া (নির্দ্দিষ্ট নিয়ম ও শর্ত) অর্জন করতে পারবে না। ফলে যারা উচ্চ শিক্ষার জন্য অপেক্ষমান তাদের ব্যাঘাত ঘটবে।’  

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে। জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। 

আবেদনের যুক্তিতে তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষায় প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে। সরকার তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে এবং এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে যাবে। ফলে এক বা দুই বিষয়ে পরীক্ষার সুযোগ যারা পাচ্ছে তাদের আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত