আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আর এ অধিকার নিশ্চিতে সরকার এডিআরকে (বিকল্প বিরোধ নিষ্পত্তি) অগ্রাধিকার দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আইন মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী স¤প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক বা প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর, ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি পরির্তণে এডিআর ব্যবস্থা কার্যকর ভ‚মিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন।’
তিনি আরও বলেন, পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলা দায়েরের হার কমার পাশাপাশি আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়তা করছে।
আইনমন্ত্রী বলেন, ‘পাইলট (পরীক্ষামূলক) প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।’
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো প্রমুখ।