আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যে থাকবে এনসিপি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক ঐক্যে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী যেকোনো রাজনৈতিক দল, পক্ষ, প্ল্যাটফর্ম বা ব্যক্তির সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। তবে দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখেই রাজপথ ও আলোচনার টেবিলে সক্রিয় থাকবে এনসিপি।

একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল) জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। সভা শেষে কর্মসূচি ও দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি জানান, ঘোষিত পাঁচ দফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিপনা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সভায়। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় অবস্থানের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে এনসিপি।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের দলীয় বিচার দাবি করে আসছে। কিন্তু দেখা যাচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পরিবর্তে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে, সেটিও চলছে ধীরগতিতে।

তিনি বলেন, গোপালগঞ্জে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজনের মহড়া ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করবে দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সন্ত্রাস দমন এবং গণহত্যাকারীদের বিচারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে এ ঐক্যের ভিত্তি ও এজেন্ডা কী হবে, জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে এবং আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে আনার আলোচনা নিয়ে সরকারের অবস্থান কী—তা স্পষ্ট করা প্রয়োজন। জনগণের ভোটে দেওয়া এজেন্ডা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটিও পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, ১১ দলের কর্মসূচিতেও এনসিপির অংশগ্রহণ থাকবে। তবে দল হিসেবে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে জনগণের নিরাপত্তা ও বাংলাদেশের স্বার্থে রাজপথে এবং আলোচনায় সক্রিয় থাকবে দলটি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে আখতার হোসেন বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার স্পষ্ট ব্যর্থতা রয়েছে। চাঁদাবাজি, সিন্ডিকেট ও সন্ত্রাস মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নিতে পারেনি। আওয়ামী লীগের সন্ত্রাস দমনেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সরাসরি ব্যর্থতা রয়েছে বলে মনে করে এনসিপি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং সন্ত্রাস দমন সরকারের দায়িত্ব। যেখানেই সন্ত্রাসের ঘটনা ঘটছে বা সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও পুনর্ব্যক্ত করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের উগ্রবাদী আচরণের প্রতিবাদ জানালেও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে জোরালো অবস্থান দেখা যাচ্ছে না।

আখতার হোসেনের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এনসিপি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে। সাংগঠনিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দলটির বিচার সম্পন্ন করতে হবে। শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত