অল্প পানিতে পা ডুবিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদা বক। দূর থেকে দেখে মনে হয়, যেন ধ্যানে মগ্ন। কিন্তু দারকিনা, পুঁটি কিংবা বাতাসি মাছ একটু অসতর্ক হলেই মুহূর্তে বদলে যায় দৃশ্য। ঠোঁটের এক ঝটকায় শিকার তুলে নেয় সে। তারপর আবার ডানা মেলে উড়ে যায় বিলের অন্য প্রান্তে।
চলনবিলের বিস্তীর্ণ জলাভূমিতে এখন এমন দৃশ্য খুবই পরিচিত।
বর্ষার পানি নেমে যাওয়ার এই সময়ে বিলের অগভীর পানিতে খাবারের সন্ধানে ভিড় করেছে সাদা বক, পানকৌড়ি, বালিহাঁস, শামুকখোল, ডাহুকসহ নানা প্রজাতির পাখি। কাকডাকা ভোর থেকে তাদের ডানা ঝাপটানো, ডাকাডাকি আর মাছ শিকারের ব্যস্ততায় মুখর হয়ে উঠছে বিলের নিস্তব্ধ প্রান্তর।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে থাকা চলনবিলের বড় অংশ পড়েছে গুরুদাসপুর ও সিংড়া উপজেলায়। বর্ষায় যে পথ পানির নিচে ডুবে থাকে, সেই ডুবো সড়কের দুই পাশেই এখন চোখে পড়ে পাখিদের আনাগোনা। কোথাও দল বেঁধে বক, কোথাও পানকৌড়ি, আবার কোথাও শামুকখোল কিংবা বালিহাঁস।
ভোরের আলো ফুটতেই পাখিদের ব্যস্ততা শুরু হয়। অগভীর পানিতে নেমে তারা খাবারের খোঁজ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে বিলের বিভিন্ন প্রান্তে। আবার গোধূলি নামলে ছোট ছোট দলে ফিরে যায় ঝোপঝাড় কিংবা উঁচু গাছের ডালে।
এই সময়টুকুতে চলনবিল যেন বদলে যায় এক উন্মুক্ত পাখিশালায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পাখিদেরও যেন নিজস্ব এলাকা আছে। কোথাও বক বেশি, কোথাও পানকৌড়ি কিংবা বালিহাঁস। সন্ধ্যার পর গাছের ডালে বসে বেশ কিছুক্ষণ কিচিরমিচির চলে। তারপর ধীরে ধীরে নেমে আসে নীরবতা। ভোর হলে আবার শুরু হয় তাদের দিন।
প্রকৃতির এই দৃশ্য দেখতে এখন স্থানীয়দের পাশাপাশি দেশের নানা জায়গা থেকে প্রকৃতিপ্রেমীরা চলনবিলে আসছেন। তবে পাখি দেখার সবচেয়ে ভালো সময় ভোর। বেলা বাড়লে তারা বিলের ভেতরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
পাখিদের এই অবাধ বিচরণের পেছনে স্থানীয় তরুণদের ভূমিকাও রয়েছে। কয়েক বছর ধরে চলনবিলের বিভিন্ন এলাকায় পাখি শিকার ঠেকাতে কাজ করছে ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’, ‘সবুজ বাংলা’, ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’সহ কয়েকটি সংগঠন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রায় ১৪ বছর ধরে তারা পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়সের মানুষ তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, ‘কেউ এয়ারগান বা ফাঁদ দিয়ে পাখি শিকারের চেষ্টা করলে আমরা খবর পাই। প্রথমে তাকে নিবৃত্ত করার চেষ্টা করি। এরপরও শিকার করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হয়।’
বিলপাড়ের বাসিন্দা রাজু আহমেদ ও ফজলে রাব্বিও পাখি রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের ভাষ্য, মানুষ সচেতন হওয়ায় আগের তুলনায় অনেক জায়গায় পাখির নিরাপদ বিচরণ বেড়েছে।
চলনবিলের এই পাখিরা শুধু সৌন্দর্য বাড়ায় না, তারা বিলের জীববৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ অংশ। আর তাদের ফিরে আসা যেন মনে করিয়ে দেয়, প্রকৃতিকে একটু জায়গা দিলে, একটু নিরাপত্তা দিলে, সে নিজের মতো করেই প্রাণ ফিরে পায়।
ভোরের কুয়াশা ভেদ করে যখন শত শত পাখি একসঙ্গে ডানা মেলে উড়ে যায়, তখন চলনবিলকে শুধু একটি জলাভূমি মনে হয় না। মনে হয়, এটি এখনও বেঁচে থাকা এক জীবন্ত প্রকৃতির গল্প।