ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সর্বোচ্চ ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭০ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী।