‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় বাংলাদেশের বড় তুরুপের তাস’

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক ও আইনি হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট ও বার্মা টাস্ক ফোর্স ইউএসএর চেয়ার ইমাম আবদুল মালিক মুজাহিদ। তাঁর মতে, ১৯৭৮ সালের পর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশের হাতে এটিই সবচেয়ে শক্তিশালী তুরুপের তাস। এ সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের ক্ষতিপূরণ দাবি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইমাম আবদুল মালিক মুজাহিদ বলেন, ‘গতকাল বিশ্বের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে তার আইনি নাম দিয়েছে—গণহত্যা। এই রায় ১৯৭৮ সালের পর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী তুরুপের তাস। এটি অবশ্যই কাজে লাগাতে হবে।’

গত ১৯ নভেম্বর ৯-৬ ভোটে দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করেন। আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দুই বছরের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়টি আদালতের বিধির ৫৯ অনুচ্ছেদ এবং জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক।

মুজাহিদ বলেন, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করতে পারে, কিন্তু গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারবে না। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্য দেশ এ মামলাকে সমর্থন করেছে। এ ছাড়া ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার সঙ্গে হস্তক্ষেপকারী পক্ষ হয়েছে।

আন্তর্জাতিক আদালতের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধীরগতি মানেই ক্ষমতাহীনতা নয়। সার্বিয়া ম্লাদিচকে হস্তান্তর করেছে। উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিচ্ছে। মিয়ানমারেরও পালা আসবে।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চারটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুজাহিদ। প্রথমত, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ এবং প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত কৌশল বিবেচনায় নেওয়ার পাশাপাশি আরাকান আর্মির রসদ সরবরাহ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

দ্বিতীয়ত, প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসনের আগে তাদের প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতায় প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, ‘তাদের দেশে ফেরত পাঠান দক্ষতা নিয়ে, ক্ষত নিয়ে নয়।’

তৃতীয়ত, রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশকেও মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে। মুজাহিদ বলেন, ‘মিয়ানমারের গণহত্যার মূল্য বাংলাদেশের দেওয়া উচিত নয়।’

চতুর্থত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘বিশ্ব গতকাল একটি গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। আজ জীবিতদের অনাহারে থাকতে দেওয়া চলবে না।’

সংবাদ সম্মেলনে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মুজাহিদ। এ সময় অ্যাসোসিয়েশন ফর সোসিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশকে (আসিয়াব) ধন্যবাদ জানান তিনি। সংগঠনটি ক্যাম্প-১ ইস্টে আমেরিকান মুসলিম ভোকেশনাল স্কুল পরিচালনায় জাস্টিস ফর অল-এর অংশীদার হিসেবে কাজ করছে।

রোহিঙ্গা সংকট ও গণহত্যার বিচারপ্রক্রিয়ায় আমেরিকান মুসলিমদের ভূমিকার কথাও তুলে ধরেন মুজাহিদ। তিনি জানান, মামলায় গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান একজন আমেরিকান মুসলিম। ২০১২ সালে আমেরিকান মুসলিমদের উদ্যোগে বার্মা টাস্ক ফোর্স প্রতিষ্ঠিত হয়। ২০১৭-১৮ সালে রোহিঙ্গা শিবিরগুলোতে সংগঠনটির পরিচালিত গবেষণা মামলার প্রাথমিক তথ্য-প্রমাণ নথিভুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের গতকালের গল্প হয়ে যেতে দেবেন না। তাদের নাম বলুন, শুধু সংখ্যা নয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ উপলক্ষে দুটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়েছে। এর একটি ‘মিয়ানমার কর্তৃক সংঘটিত রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আইসিজের ১৩টি রায়’, যা মুসলিম নেটওয়ার্ক টিভির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে প্রতিটি রায়ে ১৫ জন বিচারকের ভোটের বিবরণ তুলে ধরা হয়েছে।

অন্য ইনফোগ্রাফিকটির শিরোনাম ‘মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপর গণহত্যামূলক হামলার ঢেউ’। জাস্টিস ফর অল ও বার্মা টাস্ক ফোর্সের তৈরি এ তথ্যে ১৯৭৮ সাল থেকে ২০২৫-২৬ সাল পর্যন্ত রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও দেশত্যাগের ছয়টি পর্যায় তুলে ধরা হয়েছে। এতে ১৯৭৮ সালে ২ লাখ ৯০ হাজার মানুষের দেশত্যাগ থেকে শুরু করে ২০২৫-২৬ সালে নতুন করে ১ লাখ ৫২ হাজার ২৯ জনের আগমনের তথ্য উল্লেখ করা হয়েছে।

বার্মা টাস্ক ফোর্স ইউএসএ যুক্তরাষ্ট্র ও কানাডার ৩৮টি সংগঠনের একটি জোট। ২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি রোহিঙ্গা গণহত্যা বন্ধে কাজ করছে। অন্যদিকে জাস্টিস ফর অল একটি আমেরিকান মানবাধিকার সংগঠন, যা বিশ্বজুড়ে নির্যাতিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় প্রচার ও কার্যক্রম পরিচালনা করে। ইমাম আবদুল মালিক মুজাহিদ বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় আটবার স্থান পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত