শিল্পী শেখ সাহেদ আলীর স্মরণে ‘বিদায় প্রিয় সাহেদ’ অনুষ্ঠিত

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

নব্বইয়ের দশকের জীবনমুখী গানের অন্যতম শিল্পী শেখ সাহেদ আলীর স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বিদায় প্রিয় সাহেদ’ শীর্ষক স্মরণানুষ্ঠান। গত ১৩ নভেম্বর প্রয়াত হন এই শিল্পী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের ১৬তম তলায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক ছিল ‘দুরন্তিস’। অনুষ্ঠানে শিল্পীর বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা স্মৃতিচারণের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

স্মৃতিচারণ করতে গিয়ে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী আলফ্রেড খোকন বলেন, বাংলাদেশে শিল্পী বা লেখকদের জীবদ্দশায় তাঁদের নিয়ে তেমন আলোচনা বা প্রচার হয় না। অথচ মৃত্যুর পর গণমাধ্যমে তাঁদের নিয়ে বড় আয়োজন করা হয়। এটি দেশের সাংস্কৃতিক চর্চার একটি দুর্ভাগ্যজনক দিক।

তিনি বলেন, শাহেদ আলী কবিতা লিখতেন। তাঁর গানেও কবিতার ছাপ ছিল। নব্বইয়ের দশকে তাঁর গান ও শিল্পীসত্তা অনেককে আলোড়িত করেছিল। ‘গাছ’ নামে একটি ব্যান্ডও গড়ে তুলেছিলেন তিনি। শিল্পীদের জীবদ্দশায় তাঁদের নিয়ে আড্ডা, আলোচনা ও ভালোবাসা প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে আলফ্রেড খোকন বলেন, শাহেদ আলী তাঁর গান এবং বন্ধু-স্বজনদের স্মৃতিতে বেঁচে থাকবেন।

কথাসাহিত্যিক ও লেখক রয় অঞ্জন বলেন, মানুষ এখন সহজে একে অপরের প্রশংসা করতে চায় না। তবে শাহেদ আলী ছিলেন ব্যতিক্রম। তিনি অন্যদের এমনভাবে উপস্থাপন করতেন, যেন প্রত্যেকেই বিশেষ কেউ। একবার বাতিঘরে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় শাহেদ যেভাবে তাঁর প্রশংসা করেছিলেন, তাতে তিনি নিজেই বিব্রত হয়েছিলেন। বন্ধুর প্রতি শাহেদের অকৃত্রিম ভালোবাসা এবং অন্যকে উদারভাবে তুলে ধরার মানসিকতা তাঁকে মুগ্ধ করেছিল। মানুষের ভালো দিক খুঁজে বের করে প্রশংসা করতে জানতেন শাহেদ আলী।

অভিনেতা, প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী শংকর সাঁওজাল বলেন, শাহেদ আলী ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও বড় মাপের মানুষ। তাঁর চলে যাওয়ায় মনে হয়েছে, দেশটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেছে। তাঁর সঙ্গে পরিচয় খুব বেশি দিনের না হলেও ব্যক্তিত্ব, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁকে মুগ্ধ করেছিল। শাহেদের গান আগে শোনা না হলেও তাঁকে ঘিরে থাকা মানুষগুলোর প্রাণবন্ততা, কথোপকথন ও ভালোবাসার মধ্যেই তিনি সংগীতের উপস্থিতি অনুভব করতেন। শাহেদের শুরু করা ‘রাত বিরাতে’ অনুষ্ঠানটিও ছিল মৌলিক ও ব্যতিক্রমী উদ্যোগ। তিনি স্মৃতিতে সব সময় বেঁচে থাকবেন।

নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন শেখ সাহেদ আলী। নিজের প্রতিষ্ঠিত ‘গাছ’ ব্যান্ডের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। দীর্ঘ সংগীতজীবনে এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

তাঁর গাওয়া ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত