গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
ড্যাব নেতৃদ্বয় বলেন, বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা আরাফ জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে। হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীর ব্যাপক ক্ষতি সাধন করে এবং হাসপাতালে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা ডা. কে এম বাবরের বাসভবনেও হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।
ড্যাব নেতৃদ্বয় বলেন, হাসপাতাল মানসেবার গুরুত্বপূর্ণ স্থান। হাসপাতালে অসুস্থ, আর্ত ও অসহায় মানুষ জীবন বাঁচাতে আসেন। এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের বর্বর ও অমানবিক কর্মকান্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
ড্যাব নেতৃবৃন্দ, হাসপাতাল ও সংসদ সদস্যের বাসভবনে হামলাসহ সকল ধরনের সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির জোর দাবি জানিয়েছেন।