বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধ-পরিকর।’
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।’
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। এটি সময়োপযোগী সিদ্ধান্ত ছিল।
আজকের এই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমসহ ৭ জন বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ যোগ দিয়েছেন।
এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা