প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে সফরকালে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে আজ লালমনিরহাট যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
সফরের নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।