বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে ১৬০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফে ফিরেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে তিনটি সার্ভিস ট্রলারে করে তারা সেন্টমার্টিন জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশে রওনা হন। তবে এখনো দ্বীপটিতে বিপুলসংখ্যক পর্যটক অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এতে দ্বীপে ভ্রমণে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। শনিবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক পর্যটক ও স্থানীয়দের নিয়ে সার্ভিস ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে ছেড়ে আসে।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘সাগরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে সার্ভিস ট্রলারে করে আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দারা টেকনাফে ফিরতে শুরু করেছেন। তিনটি ট্রলারে করে ১৬০ জন যাত্রী রওনা হয়েছেন।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাদের জরুরি কাজ রয়েছে বা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের উদ্দেশে রওনা হয়েছেন। আর যারা দ্বীপে অবস্থান করছেন, আবহাওয়া পুরোপুরি অনুকূলে এলে এবং কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকরা ওই জাহাজে করে নিরাপদে ফিরবেন।
এবিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও অবস্থানের বিষয়টি প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সাগরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই দ্রুততম সময়ের মধ্যে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে, যাতে বাকি পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন।