জ্বালানি সংকট মোকাবিলায় ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। এ ছাড়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর মতবিনিময় সভা আয়োজন করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনাও দেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

সভায় বেকার যুবকদের প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত