ইউরোপে তীব্র জনঅসন্তোষ ২৫ দেশে বিক্ষোভ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

ফ্রান্সের সাম্প্রতিক তীব্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপে তীব্র জনঅসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু ন্যায্যতা ও বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধসহ নানা দাবিতে ইউরোপজুড়ে এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। গত শুক্রবার যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন ও ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে নতুন করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্তত ২৫টি দেশে তারা ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ পালন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের আন্দোলনে থেকে অনুপ্রাণিত হলেও এর তীব্রতা ছিল তুলনামূলক কম। শান্তিপূর্ণ এসব পদযাত্রায় উপস্থিতি ছিল সীমিত। বেশির ভাগ জায়গায় কয়েকশ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেয়।

আগের বিক্ষোভগুলোর মতো এবারও শিক্ষার্থীদের দাবিগুলো ছিল বহুমুখী। এর মধ্যে স্কুলের তহবিল ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি ছিল। শুক্রবারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে সামরিক খাতে ব্যয় কমানোর দাবি জানানো হয়। জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি সংগঠন দেশটির ৭৩টি শহর ও নগরে বিক্ষোভের আয়োজন করে। জার্মান ভাষায় এ নামের অর্থ ‘জেন-জি দায়িত্ব নিচ্ছে’। রাজধানী বার্লিনের বিশাল আলেকজান্ডারপ্লাৎস চত্বরে আয়োজিত বিক্ষোভে প্রায় ৪ হাজার মানুষ অংশ নেয়। জার্মানির কোলন শহরের এক বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ইয়াসমিন হামাদি। তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়, স্কুল কিংবা সামগ্রিক শিক্ষাব্যবস্থা, সব জায়গায় ব্যয় সংকোচন করা হচ্ছে। এতে আমি মোটেও খুশি নই।’ তিনি বলেন, ‘এজন্যই পরিবর্তনের দাবিতে অবস্থান নিতে এখানে এসেছি। কারণ এভাবে চলতে পারে না।’

তবে ইতালিতে বিক্ষোভের পরিধি ছিল অনেক বড়। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মজুরি বৃদ্ধি ও জনসেবা খাতে ব্যয় বাড়ানোর দাবি তোলা হয়। ইতালিজুড়ে হাজার হাজার মানুষের পদযাত্রার মধ্যে বক্তব্য দেন দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএলের নেতা মাউরিজিও ল্যান্ডিনি। তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেবল ইতালিতে নয়, পুরো ইউরোপেই তরুণরা রাস্তায় নেমেছেন। ল্যান্ডিনি আরও বলেন, ইউরোপজুড়ে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এর আগে ফ্রান্সে অনেক বড় পরিসরের বিক্ষোভ হয়েছে। সে সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটে। সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে ভোটাভুটিতে ক্ষমতা হারান দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ। এ ছাড়া আলবেনিয়াতেও অস্থিরতা দেখা গেছে। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত