ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। মিডেল ইস্ট আই জানিয়েছে, গত শুক্রবার জোট বাহিনীর লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদাসহ বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযানে’ এ হতাহতের ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হোদেইদায় চোরাচালান ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে। এ হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান সমর্থিত হুতিরাও। গোষ্ঠীটি গতকাল শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে। রয়টার্স জানায়, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় শনিবার ভোরে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। এএফপি জানিয়েছে, সৌদি কর্র্তৃপক্ষ সতর্কতা জারির কিছুক্ষণ পর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পরে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদের দিকে ধেয়ে যাওয়া হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ‘প্রতিহত ও ধ্বংস’ করেছে। হুতিরা সামাজিক মাধ্যম এক্সে জানায়, তারা সৌদি আরবজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদও রয়েছে।