সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় ইরান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তার দেশের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে প্রস্তুত। তবে এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে একটি ‘ন্যায্য’ ফর্মুলায় পৌঁছানো সম্ভব। তবে এই বিষয়টি এমন একটি সামগ্রিক ও বৃহত্তর চুক্তির অংশ হিসেবে বিবেচনা করতে হবে, যা ইরানের জাতীয় স্বার্থের সুরক্ষা দেবে। তিনি আরও জানান, ইরানের বিশেষজ্ঞরা নিয়মিত পর্যালোচনা ও আলোচনা চালিয়ে গেলেও দেশটির আনুষ্ঠানিক পারমাণবিক নীতি বা ডকট্রিন এখনো অপরিবর্তিত রয়েছে।

আরাগচি আরও বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে কতটা আন্তরিক, সে নিশ্চয়তা চায় তেহরান। আস্থা তৈরির পদক্ষেপগুলোর ধরন ও প্রকৃতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অচলাবস্থার পরিবর্তে তেহরান একটি ‘ভালো, সম্মানজনক ও টেকসই চুক্তি’ চায়, যা নতুন কোনো যুদ্ধের ঝুঁকি এড়াবে। তবে তিনি স্পষ্ট করে দেন, এমন কোনো ছাড় ইরান দেবে না, যা যুক্তরাষ্ট্র নিজের বিজয় হিসেবে প্রচার করার সুযোগ পায়। তিনি নিশ্চিত করেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো নিয়মিত বার্তা ও প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আরাগচি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি যুক্তি দিয়ে বলেন, এই অঞ্চলের বাইরের সামরিক শক্তির ওপর নির্ভরতা কখনো স্থায়ী স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে পারে না। কূটনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা কূটনীতির মানুষ এবং এখনো কূটনীতির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে তেমন বিচলিত মনে না হলেও, যুদ্ধের সমালোচনা করায় ক্রমেই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, গত দুই সপ্তাহে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টের ওপর ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্স যেভাবে তার মূল্যায়ন উপস্থাপন করেছেন সেটি নিয়েই ট্রাম্পের আপত্তি। সহযোগী ও মিত্রদের কাছে ট্রাম্প অভিযোগ করেছেন, ভ্যান্সের উচিত ছিল স্পষ্ট করে বলা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। একই সময়ে ব্যক্তিগত আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা অব্যাহত রেখেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, রুবিও একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। ট্রাম্প প্রকাশ্যেও ভ্যান্সের প্রতি বিরক্তির আভাস দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টের ‘আরেকটি কথা বলা উচিত ছিল।’

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এ টানাপড়েন তৈরি হলো। ভ্যান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা বিবেচনা করছেন। সেই প্রচারণায় রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করতে ট্রাম্পের সমর্থন নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। ট্রাম্পের উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্ন ক্রমেই জরুরি হয়ে উঠছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত