ঋণপ্রবৃদ্ধি কমে সর্বনিম্ন চাপে ব্যাংকের মূলধন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি কমে সর্বনিম্ন ৪ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। টানা সাত মাস ধরে ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকায় দেশের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংকঋণের ভূমিকা সংকুচিত হয়ে পড়ছে। একদিকে নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের অনাগ্রহ, অন্যদিকে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ায় বেসরকারি খাতে অর্থায়নে দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। এর মধ্যে গত জুন শেষে দেশের ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। ব্যাংকগুলোর এই দুর্বল আর্থিক অবস্থায় নতুন ঋণ বিতরণ ও বিনিয়োগে অর্থায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। এর আগে গত মার্চ শেষে ২১টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বাকি ব্যাংকগুলোর কোনো মূলধন ঘাটতি ছিল না।

জানতে চাইলে  নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, একসময় রাজনৈতিক প্রভাব দেখিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে ঋণের বিশাল অঙ্ক অনিয়মের মাধ্যমে বিতরণ করা হয়। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল অঙ্কের অর্থ সংরক্ষণ করতে হচ্ছে। এতে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি অনেক ব্যাংকের মূলধন ক্ষয় হয়েছে। কোনো কোনো ব্যাংক লোকসানে পড়েছে। ফলে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতাও কমে যাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের একটি বড় অংশ আদায় হওয়ার সম্ভাবনা নেই।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক ব্যাংকের মালিকানা এবং ঋণ বিতরণের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছিলেন, তাদের অনেকেই এখন কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। এর প্রভাবে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি দুর্বল। দেশ দুটিতে খেলাপি ঋণের হার যথাক্রমে ১ দশমিক ৭ ও ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত কমে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। 

ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা হ্রাস এবং ঋণের চাহিদা কমে যাওয়া দুই কারণই কাজ করছে। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে উচ্চ সুদহার ও ব্যবসার অনিশ্চয়তায় উদ্যোক্তারাও নতুন ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না।  তাদের মতে, ঋণের উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মূল্য সংযোজন করসহ (মূসক) বিভিন্ন করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থেকে পিছিয়ে আসছেন। নির্বাচনের পরও ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি। আগামী এক বছরেও অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারণের পরিকল্পনা নেই।

এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে একদিকে ব্যাংকগুলোর ঋণ সরবরাহের সক্ষমতা কমছে, অন্যদিকে উদ্যোক্তাদের ঋণের চাহিদাও সংকুচিত হচ্ছে। সামগ্রিকভাবে বেসরকারি খাতে বিনিয়োগ ও অর্থায়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে।

গত জুন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা।  আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৯৫৭ কোটি টাকা। এ ছাড়া বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি ছিল ৪ কোটি টাকা।

ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিআরএআর আরও কমেছে। গত জুন শেষে এ হার দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততার অনুপাত বজায় রাখা বাধ্যতামূলক।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক এজাজুল ইসলাম জানান, ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততার অবস্থার আরও অবনতি হয়েছে। তবে বিভিন্ন ব্যাংকের আর্থিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তিনি বলেন, ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অনুপাত ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা, ইউনিয়ন ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের অবস্থা অত্যন্ত দুর্বল।

এই সংকট কাটাতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন, নতুন অর্থের জোগান এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত