জামালপুরে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার।
রবিবার (২২ নভেম্বর) সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিশুটির বাবা বরকত মিয়া। তিনি জামালপুর পৌর শহরের পাথালিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরকত মিয়া জানান, গত ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তার সাত বছর বয়সী মেয়ে আয়শা আলম বাড়ির সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় খেলাচ্ছলে এক সহপাঠীর কোঁকড়া চুল নিয়ে মন্তব্য করে আয়শা। কিন্তু ওই মন্তব্য নিজের প্রতি করা হয়েছে মনে করে প্রতিবেশী জাকিয়া জান্নাত সুমি ক্ষিপ্ত হন।
পরিবারের অভিযোগ, এর জের ধরে সুমি শিশুটির ডান গাল ও পিঠে এলোপাতাড়ি থাপ্পড় মারেন এবং গলা চেপে ধরেন। একপর্যায়ে শিশুটির গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তার বাবা। চেইনটির আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
পরে কৌশলে ওই নারীর কাছ থেকে পালিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা জানায় শিশু আয়শা। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় শিশুটির মা সোহানা আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বরকত মিয়া আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তার ১৬ বছর বয়সী বড় ছেলেকে রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত নারীর স্বামী অস্ত্র দেখিয়ে তাকে হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন