এসএসসির রেজাল্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মাধ্যমে এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফরহাদুল ইসলাম (২৯), হালিশহর এলাকার শাহিদুল আলম জিসান (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মো. আব্দুল মালেক (৫৬)।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, পরীক্ষার মূল উত্তরপত্রসহ ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর নম্বর অবৈধভাবে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। মূল মূল্যায়নে প্রাপ্ত নম্বরের তুলনায় প্রকাশিত ফলে ১১টি বিষয়ে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়।

নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, বাংলা প্রথম পত্রে পরীক্ষার্থী মূল মূল্যায়নে ২৩ নম্বর পেলেও প্রকাশিত ফলে দেখানো হয় ৩৩। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩ এবং ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২ নম্বর দেওয়া হয়।

এ ছাড়া গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষার মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে জালিয়াতির প্রমাণ পায়। পরে ওই পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরীক্ষার্থীর পক্ষ থেকে জবাব দেওয়া হলেও তা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(ক) ও ৩৪ ধারার পাশাপাশি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, পরীক্ষার ফলাফল তৈরির গুরুত্বপূর্ণ কারিগরি কার্যক্রম স্ক্যানিং ও সলভিংয়ের দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। তাদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানে ওই পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট নথিপত্র, ফলাফল প্রস্তুতের কারিগরি তথ্য-উপাত্ত এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা পর্যালোচনা করে। এসব তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল প্রস্তুত ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে জালিয়াতি করা হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত