পিরোজপুরের জিয়ানগরে চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি ও কলার ছড়া ঝুলিয়ে বৃদ্ধ রুহুল আমিন আকনকে রাস্তায় ঘোরানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মেয়ে কুলসুম বেগম। এদিকে ভুক্তভোগী বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে রুহুল আমিনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, এ ঘটনায় গত ২০ নভেম্বর রুহুল আমিনের মেয়ে কুলসুম বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আঃ হালিম (৬০), মো. জব্বার (৫৫) ও নেয়ামত উল্লাহ (২০) নামের তিনজনকে বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে আঃ হালিম ও জব্বার কালাইয়া এলাকার বাসিন্দা এবং নেয়ামত উল্লাহ খোলপটুয়া এলাকার বাসিন্দা। অভিযোগে তাদের বিরুদ্ধে বৃদ্ধকে আটকে রাখা, মারধর ও অপমানজনকভাবে রাস্তায় ঘোরানোর অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর রাতে সুপারি চুরির অভিযোগে রুহুল আমিনকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটে বলে তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, আমারে বাইন্দা রাখছে , মারছে। গলায় কলা ঝুলাইয়া, সুপারি ঝুলাইয়া সব জায়গায় ঘুরাইছে, ভিডিও করে ভাইরাল করছে । হালিম হুজুর আর জব্বার এই কাম করছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনার একটি ভিডিও দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।