তাইওয়ান ইস্যুতে অনড় জাপান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

তাইওয়ান ইস্যুতে জাপানের দীর্ঘদিনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ১৯৭২ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ঘোষণায় তাইওয়ান নিয়ে জাপান যে অবস্থান নিয়েছিল, এখনো সেটিই বহাল রয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাকাইচি।

তাইওয়ান ইস্যুতে গত বছরের নভেম্বর মাসে তাকাইচির দেওয়া এক মন্তব্যের পর থেকেই চীন ও জাপানের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।

ওই সময় তিনি বলেছিলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার অধীন তাইওয়ানে চীন কোনো ধরনের সামরিক হামলা চালালে তা জাপানের সামরিক প্রতিক্রিয়ার কারণ হতে পারে।

বৃহস্পতিবার তাকাইচি বলেন, ১৯৭২ সালের জাপান-চীন যৌথ ঘোষণায় তাইওয়ান বিষয়ে জাপানের যে অবস্থান তুলে ধরা হয়েছিল, তাতে কোনো পরিবর্তন আসেনি। ওই ঘোষণার মধ্য দিয়েই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ সালের ওই যৌথ ঘোষণায় জাপান বলেছিল, তাইওয়ান চীনের অংশ—বেইজিংয়ের এই অবস্থান তারা ‘পূর্ণভাবে উপলব্ধি ও সম্মান’ করে।

সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই অবস্থানে কোনো ধরনের পরিবর্তন আসেনি।’

তবে গত বছরের ওই মন্তব্য প্রত্যাহারের জন্য তাকাইচির ওপর চাপ দিয়ে আসছে চীন। তার বক্তব্যকে ‘গুরুতর ও আপত্তিকর’ আখ্যা দিয়ে বেইজিং সতর্ক করেছে, মন্তব্য প্রত্যাহার না করলে এর সব পরিণতির দায় জাপানকেই নিতে হবে।

এরই মধ্যে জাপানের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছে চীন। দেশটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে, জাপানি সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি বন্ধ করেছে এবং নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

এত দিন তাইওয়ানকে কেন্দ্র করে এ ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলা থেকে বিরত থেকেছেন জাপানের নেতারা। এ বিষয়ে কৌশলগত অস্পষ্টতা বজায় রাখাই ছিল টোকিওর নীতি। তবে তাকাইচির গত বছরের মন্তব্য সেই প্রচলিত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত