বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কারিগরী পর্যায়ের বৈঠক আগামীকাল রবিবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে। এ বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল গতকাল শুক্রবার ঢাকা পৌঁছেছে। যৌথ নদী কমিশন, বাংলাদেশ-এর সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দুই দেশের সম্মতিতে তৈরি যৌথ নদী কমিশনের বিধিমালা এবং অভিন্ন নদী গঙ্গার পানি ভাগাভাগির বিষয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলমান এ বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধি দল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
আগামী ১১ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হলে দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমন প্রেক্ষাপটে গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হলেও দেশটি এর কোনো জবাব এখনো দেয়নি। চুক্তির মেয়াদ শেষ হলে কী হবে, সে বিষয়ে আলোচনার এখতিয়ার ভারতের এই প্রতিনিধি দলের নেই বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।