আ.লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: ফজলুল হক মিলন এমপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

আওয়ামী লীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন এমপি।

 তিনি বলেন, গণতন্ত্রের নামে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও এবং হত্যার রাজনীতি শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ত্যাগ তীক্ষিকা, জেল জুলুম সহ্য করেছে বিএনপির নেতাকর্মীরা।

অস্থিতিশীল দেশটিকে বর্তমান সরকার এক স্থিতিশীল দেশে এবং অর্থনৈতিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা বিএনপির এমপি ও নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে বেড়াচ্ছে। অনেক দেখেছি অনেক সহ্য করেছি এখন সমুচিত জবাব দেয়ার সময় এসেছে। অনেক শান্তিতে ছিলেন সুখে থাকলে ভূতে কিলায়। এখন যারা অপকর্ম করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। পাল্টা সমুচিত জবাব দেয়া হবে।

 রবিবার (২২ নভেম্বর)  বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভায় একেএম ফজলুল হক মিলন এমপি এসব কথা বলেন।

কালীগঞ্জ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলাইমান আলম, খাইরুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াসির আকরাম পলাশ সাধারন সম্পাদক আবু তাহের প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সেরু, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান ও সদস্য সচিব হাসানুর রহমান জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরপর এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত