শ্রীপুরে পোশাক কারখানা খোলা রাখায় বহিরাগত শ্রমিকদের হামলা ভাঙচুর

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় উৎপাদন চালু রাখায় বহিরাগত একদল উচ্ছৃঙ্খল শ্রমিক সংঘবদ্ধ হয়ে সেই কারখানায় ব্যাপক হামলা ভাঙচুর চালিয়েছে। 

রবিবার (২২ নভেম্বর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের রাতুল অ্যাপালেস লি. নামের পোশাক কারখানায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এ সময় ভিতরে থাকা শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দ্বিকবিদ্বিক ছুটে পালায় কর্মে থাকা শ্রমিকরা। কর্মকর্তারা গোপন স্থানে লুকিয়ে প্রাণে বাঁচেন। এ সময় কারখানার ভিতরে রাখা বিভিন্ন যানবাহনেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসেন। এর আগেই হামলাকারি শ্রমিকরা সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। উৎপাদন চালু রাখে কারখানা কর্তৃপক্ষ। এ খবর বাহিরে প্রকাশ পেলে আশপাশের বেশ কিছু শ্রমিক একত্রিত হয়ে দল বেধে কারখানার সামনে জড়ো হয়। এ সময় শতাধিক উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে প্রধান গেইট ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

তারা আরও বলেন একই সঙ্গবদ্ধ  শ্রমিকদের দল আশ পাশের আরও ১০ টি কারখানায় ভাঙচুর চালিয়েছে। সব শেষে দুপুরে রাতুল অ্যাপারেলসে হামলা চালানো হয়। হামলাকারিরা অফিস কক্ষসহ বিভিন্ন আসবাব দরজা জানালা, জানালার গ্লাস ভেঙে চলে যায়। এ সময় ভিতরে থাকা নিজস্ব শ্রমিকরা ভয়ে দ্বিকবিদ্বিক ছুটতে থাকে। 
এর আগে একই সঙ্গবদ্ধ শ্রমিকদের দল শ্রীপুর চৌরাস্তা এলাকায় দোকানপাটে হামলা ও ভাঙচুর করে। পরে পুলিশ আসলে সরে পরে তারা।

রাতুল অ্যাপারেলসের এজিএম (অপারেশন)  মো. হামিদুল ইসলাম জানান-সকালে নিয়ম মাফিক হাজিরা শেষে শ্রমিকরা কাজে যোগ দেয়। আমরাও সবাই নানা কাজে ব্যস্ত থাকি। দুপুরের একটু আগে একদল বহিরাগত শ্রমিক দলবেধে আমাদের কারখানার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কর্মকর্তারা লুকিয়ে বাচে। তিনি বলেন ভিতরে থাকা গাড়িসহ বিভিন্ন আসবাব দরজা জানালার গ্লাস ভাঙচুর করে। তিনি দাবি করেন অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সারাদিন সবার মাঝে আতঙ্ক ছিলো। 

শ্রীপুর মডেল থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান- রাতুলের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আপাতত সব পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ সর্তক অবস্থায় আছে। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদায় সজাগ রয়েছে ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত