রাতের আঁধারে উজার হচ্ছে বন, জানে না বন কর্তারা!

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র বন অফিসের অদূরেই সংরক্ষিত বনের গাছ কেটে সাবার করলেও খোদ বনকর্তারা তা জানেন না। বনের গাছ কাটছে কারা সে খবর জানেন না বন কর্তারা। এমনি গাছ কাটার ঘটনা সপ্তাহ আগে ঘটলেও টের পেলেন সপ্তাহ পর। চোর চক্র তাল গজারি নিমসহ অর্ধশত গাছে কেটে নিয়ে গেছে। 

এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ বন বিভাগের উদাসিন আচরণে বেপরোয়া বন খেকো চক্র। ফলে বনের গাছ সাবার হচ্ছে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। বন উজারে উৎসব চলছে সবার চোখ ফাঁকি দিয়ে।

উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বিটের চরবহর গ্রামে গাছ কাটার এ মহোৎসব চলেছে। খবর পেয়ে আজ শনিবার বন বিভাগের লোকজন ঘটনাস্থল গিয়ে বেশ কিছু কাটা গাছ জব্দ করেন। তবে এর আগেই মূল্যবান সব গাছ গাছের অংশ নিয়ে গেছে চোরের দল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে বনের জমিতে সৃজিত বেশ কিছু গজারি নিম তালগাছ কেটে নিয়ে গেছে একটি সঙ্গবদ্ধ চোর চক্র। তাল গাছের অকেজো অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে জমিতে পড়ে আছে।  তালগাছের অকেজো আগা অংশগুলো পড়ে আছে । তালগাছের দামি অংশ গোঁড়ালি নিয়ে গেছে। তালগাছসহ অর্ধশতাধিক গাছের ডালপালা পড়ে রয়েছে জমিজুড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পান তারা। সকালে গরু চড়াতে গিয়ে লোকজন সারি সারি তাল গাছ কাটা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজার হলেও বন বিভাগের লোকজন আসেননি। এ নিয়ে সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ বন বিভাগের লোকজনের ওপর। তাদের অভিযোগ বন বিভাগের লোকজনের যোগসাজশে এই বন উজার চলছে। খবর পেয়েও তারা ব্যবস্থা নেয়নি। তাদের ম্যানেজ করেই বনের গাছ লুট হচ্ছে। 

স্থানীয় পরিবেশ কর্মী সাঈদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। বনের জমি থেকে এতোগুলো তাল গাছ কেটে নিলো দুর্বৃত্তরা, আর বন বিভাগ তা রক্ষার ব্যবস্থা করতে পারলো না, তা মানতে পারি না। এটা তাদের স্পস্ট দায়িত্বহীনতা। এ দায় তাদের নিতে হবে। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। 

বাসিন্দা আনসার আলী জানান, তালগাছের মূল্যবান অংশ গুড়ি নিয়ে গেছে চক্রটি। তালগাছের অব্যহৃত অংশ ফেলে রেখে গেছে যা খড়ি হিসাবে ব্যবহার করা যাবে। অন্যসব গাছের কাণ্ড নিয়ে ডালপালা ফেলে গেছে। দামি সব কাঠ নিয়ে গেছে চোরের দল। বন বিভাগের উদাসিনতার কারণে এতো বড় ক্ষতি হলো।

সাতখামাইর বিটের ফরেস্টার আবদুর রহিম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা পড়ে আছে। এছাড়াও অনান্য গাছও কাটা রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পড়ে থাকা বেশ কিছু গাছ জব্দ করা হয়েছে।

 সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে সেখানে আমাদের লোক পাঠানো হয়েছে। তিনি বলেন ১৬৩ ও ৮৯০ দাগে এ গাছগুলো কাটা হয়েছে। এ জমি নিয়ে স্থানীয় এক ব্যক্তির সাথে মামলা চলছে। আমরা মামলা লড়ছি। তবে জমির মালিক এ গাছগুলো কাটেনি। কারা কেটেছে তা এখনো বের করতে পারিনি। একটি চক্র রাতের আধাঁরে গাছগুলো কাটে। তদন্ত চালাচ্ছি। তিনি বলেন ১৫ টি তালগাছ ও বেশ কিছু নিম, গজারি, বাজনা গাছ কাটা হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রীপুরে উপজেলা রেঞ্জার হাবিবুল হক বলেন, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত