শ্বাসনালিতে বেলুন আটকে শিশুর মৃত্যু,পরিবারে শোকের মাতম

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম

কুমিল্লার বরুড়ায় বেলুন নিয়ে খেলতে গিয়ে ফেটে যাওয়া বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে তাবাসুম আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কশামী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশু তাবাসুম আক্তার কশামী গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের জন্য একটি বেলুন কিনে দিয়েছিলেন মহিন উদ্দিন। রবিবার বিকেলে শিশুটি বেলুনটি মুখে নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ তার শ্বাসনালিতে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে শিশুটির মৃত্যুর খবর পেয়েছেন তিনি। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

 



সর্বশেষ সর্বাধিক পঠিত