নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাইন উদ্দিন নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির বাড়ি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এবং জামায়াতে ইসলামীর কর্মী।
জানা যায়, বিকেলে বসুরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূইয়ারহাট রাস্তার মাথার উদ্দেশ্যে রওনা হন তিনি। বাহনটি করালিয়ায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইন উদ্দিনসহ অটোরিকশার চার আরোহীই আহত হন।
মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মাঈনউদ্দিনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।