চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিএন স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
মিডিয়া কর্মকর্তা জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন চরঘাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে গত ১৮ নভেম্বর বিকেল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে (ইঞ্জিনচালিত বড় নৌকা) তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীরা হল- লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল আমিন গ্রামের মো. রাশেদ, ফরাজী গ্রামের ফজলুল হক, তমরদ্দি ইউনিয়নের বেজুগালীয়া গ্রামের মো. বাবুল, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মো. মনির, আফসার উদ্দিন, মো. শেহেনাজ, মো. রুবেল এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মো. সালাউদ্দিন(৩৬)।
জব্দকৃত সিমেন্ট, বোট ও আটককৃত পাচারকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।