তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের ঘটেছে দ্রুত বিস্তার, যা প্রভাবিত করছে তরুণ জনগোষ্ঠীসহ সবার জীবন।
আর বেড়েছে সাইবার বুলিংয়ের মতো অপরাধ। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অপমানজনক মন্তব্য, অনলাইন হয়রানি, হুমকি, পরিচয় জালিয়াতি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে প্রতিনিয়ত বিঘিœত করছে। সাইবার বুলিং ও তা প্রতিরোধের উপায় নিয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা জানিয়েছেন উদয়কাঠীকে
সচেতনতাই প্রতিরোধের শক্তি
বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনে জন্য আশীর্বাদস্বরূপ। শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেটের সহজলভ্যতা জীবনকে সহজ করেছে। তবে এর অপব্যবহার মানুষের অর্থ ও সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা সাইবার বুলিংয়ের অন্যতম রূপ। তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সাইবার বুলিংয়ের মাত্রাও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক, ভুয়া অ্যাকাউন্ট, গালিগালাজ, হুমকি, কৃত্রিম বুদ্ধিমত্তায় অশালীন ছবি তৈরি এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় এর উল্লেখযোগ্য উদাহরণ। কিশোর-কিশোরী ও তরুণরা অধিক ইন্টারনেট ব্যবহার করায় তারাই বেশি আক্রান্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৪৯ শতাংশ স্কুল ও কলেজ শিক্ষার্থী কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। ডিজিটাল সচেতনতার অভাব, ব্যক্তিগত তথ্য প্রকাশ ও দুর্বল নিরাপত্তাব্যবস্থা তাদের ঝুঁকি বাড়ায়।
সাইবার বুলিং উদ্বেগ, বিষণœতা, একাকিত্ব ও শিক্ষায় অমনোযোগ সৃষ্টি করে। এর ফলে সামাজিক সম্পর্ক ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এর প্রতিরোধে ব্যক্তিগত তথ্য গোপন রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অপরাধের প্রমাণ সংরক্ষণ এবং অপরাধীকে ব্লক ও রিপোর্ট করা জরুরি। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের সচেতনতা, সহযোগিতা এবং কার্যকর আইন প্রয়োগ নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুভ প্রতিম ধর
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
নিরাপদ ডিজিটাল সমাজ চাই
বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির বিস্তারে আমাদের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি বাড়ছে সাইবার বুলিংয়ের মতো মারাত্মক বিপদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ-প্রত্যক্ষ অপমান, কটূক্তি, হুমকি, ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহার এবং ভুয়া পরিচয়ে হয়রানি ব্যবহারকারীদের জন্য অনলাইন নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব ঘটনার বিস্তার ব্যবহারকারীদের মানসিক অবসাদ, সামাজিক বিচ্ছিন্নতা ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাইবার বুলিং প্রতিরোধে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে সতর্ক যোগাযোগ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ জরুরি। ভুক্তভোগীদের নীরব না থেকে হয়রানির প্রমাণ সংরক্ষণ, অপরাধীকে ব্লক এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো উচিত। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই সংকট সচেতনতায় প্রায়োগিক ভূমিকা রাখতে হবে এবং ভুক্তভোগীদের মানসিক সহায়তা দিতে হবে। তার পাশাপাশি রাষ্ট্রের কার্যকর আইন প্রয়োগ ও জনসচেতনতামূলক উদ্যোগ প্রয়োজন। নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাইলে প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সাইবার বুলিংমুক্ত ভবিষ্যৎ উপহার দেবে।
অমানিতা চৌধুরী
শিক্ষার্থী, স্নাতক, আইন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি, সিলেট
নীরব আতঙ্কে তরুণ প্রজন্ম
প্রযুক্তির অবিশ্বাস্য উৎকর্ষের ফসল আজকের বহুল পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে একজন ব্যবহারকারী তার সুখ-দুঃখ, জীবনের নানা অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। কিন্তু অনেক সময় এসব প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা ট্রোলিং, বডি শেমিং, চরিত্রহনন, অনুমতিবিহীন ব্যক্তিগত তথ্য প্রচারসহ নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন। এসব ঘটনা তরুণ প্রজন্মকে এক নীরব মানসিক ট্রমার দিকে ঠেলে দিচ্ছে। পরিচয় গোপন রাখার সুযোগ, নৈতিকতার অভাব এবং প্রযুক্তিগত অসচেতনতার কারণে অনলাইন হয়রানি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এর প্রভাবে ভুক্তভোগীদের মধ্যে গভীর হতাশা, গ্লানি ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। অনেক সময় লোকলজ্জা, পরিবারের ভুল বোঝাবুঝি কিংবা আইনি জটিলতার ভয়ে ভুক্তভোগীরা প্রতিকার না চেয়ে নীরব থাকেন। সাইবার বুলিং মোকাবিলায় হেল্পলাইন ও অভিযোগ কেন্দ্রগুলোকে আরও সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব করা প্রয়োজন। তবে কেবল কঠোর আইনগত পদক্ষেপের মাধ্যমেই এই অদৃশ্য সংকট দূর করা অসম্ভব। এর জন্য পরিবারে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাও জরুরি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত শিষ্টাচার, নৈতিকতা ও সহমর্মিতার পাঠ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সদিচ্ছা এবং সক্রিয় তদারকিই পারে সাইবার বুলিংমুক্ত, নিরাপদ ডিজিটাল জগৎ গড়ে তুলতে।
দীপ্ত সুশীল শান্ত
শিক্ষার্থী, এমবিবিএস (তৃতীয় বর্ষ), ঢাকা মেডিকেল কলেজ
সাইবার সুরক্ষায় চাই সচেতনতা
প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের মতপ্রকাশ ও যোগাযোগের সুযোগ তৈরি করে দিলেও এর আড়ালে বাড়ছে সাইবার বুলিংয়ের মতো মারাত্মক ডিজিটাল ঝুঁকি। ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অ্যাকাউন্ট হ্যাকিং, অপমান, হুমকি ও ভুয়া পরিচয়ে হয়রানি এসব জিনিস আর এখন অপরিচিত নয়। সচেতনতার অভাব, ব্যক্তিগত তথ্যের অতিরিক্ত প্রকাশ এবং অপরাধীদের শনাক্ত ও শাস্তির ঝুঁকি কম থাকায় এমন ঘটনা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা মানসিক চাপ, সামাজিক সংকট ও বিচ্ছিন্নতার মুখে পড়ছেন। তাই এ সংকট প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতনতা তৈরি করতে হবে। ডিজিটাল নিরাপত্তা শিক্ষা প্রদান হতে পারে এ একটি বাস্তব সমাধান। রাষ্ট্রকেও কার্যকর আইন প্রয়োগ ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হয়রানির প্রমাণ সংরক্ষণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট রিপোর্ট করা এবং বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়া জরুরি। একটি নিরাপদ ডিজিটাল দেশ গড়তে সব নাগরিকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সোমনা আক্তার
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ
সাইবার হয়রানি রুখতে হবে
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগ সহজ হলেও ডিজিটাল জগতে বেড়েছে সাইবার বুলিং। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য, হুমকি, ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়া এবং বিদ্রুপ করাই সাইবার বুলিং। এর শিকার হয়ে অনেকেই মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাসের সংকটে ভোগেন। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণরা এ ঝুঁকির মারাত্মক শিকার। সাইবার বুলিং প্রতিরোধে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক সহযোগিতা ও কার্যকর আইনি পদক্ষেপ। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক ও রিপোর্ট করা জরুরি। হয়রানির শিকার হওয়া মাত্র প্রমাণ সংরক্ষণ করতে হবে। বিশ্বস্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে জানাতে হবে। নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে অনলাইন আচরণে দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ডিজিটাল শিক্ষার প্রসার অপরিহার্য। প্রযুক্তি হোক জ্ঞান ও সংযোগের মাধ্যম।
বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ
নীরবতা নয়, প্রয়োজন প্রতিরোধ
প্রযুক্তিনির্ভরতার এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম দেশের তরুণদের যোগাযোগ ও মতপ্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারে সাইবার বুলিংয়ের মতো ডিজিটাল অপরাধ ক্রমে মহামারীতে পরিণত হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে অপমানজনক মন্তব্য, বিদ্রƒপ, শারীরিক গঠন নিয়ে কটাক্ষ, ভুয়া অ্যাকাউন্ট থেকে হুমকি, ব্যক্তিগত ছবি ফাঁস এবং ব্ল্যাকমেইল প্রভৃতি বিষয় সাইবার বুলিং নামে পরিচিত।
ডিজিটাল সচেতনতার অভাব, দুর্বল গোপনীয়তা ব্যবস্থা এবং অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি তরুণদের অনলাইন নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। এর ফলে ভুক্তভোগীরা হতাশা, পড়াশোনায় অমনোযোগ ও সামাজিক সংকটের শিকার হন। অনেক সময় আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়। অনেকে লজ্জার ভয়ে মুখ বুজে থাকেন। আর এই নীরবতা অপরাধীদের সাহস জোগায় তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার।
এ অবস্থায় ভুক্তভোগীকে দোষারোপ না করে পাশে দাঁড়াতে হবে। প্রমাণসহ স্ক্রিনশট রাখা, অপরাধীকে ব্লক ও প্ল্যাটফর্মে রিপোর্ট করা। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ করা যায়। প্রতিরোধে পরিবারকে সন্তানের অনলাইন কার্যক্রমে মনোযোগী হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ও নৈতিক সচেতনতামূলক ক্যাম্পেইন চালাতে হবে এবং রাষ্ট্রকে সাইবার আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সহমর্মিতা ও সচেতন ব্যবহারই গড়ে তুলবে নিরাপদ ও মানবিক ডিজিটাল রাষ্ট্র।
প্রমিত ভট্টাচার্য্য
শিক্ষার্থী, প্রথম বর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ