ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি মো. ছায়েব আলীকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় উত্তেজনা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছায়েব আলী মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আখাউড়া থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী। তাকে আটকের পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্তত একজন পুলিশ সদস্য আহত হন।

এদিকে ছায়েব আলীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছায়েব আলীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত