যুবলীগ নেত্রী পাপিয়া ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৩৫

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ এএম

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩৩ জন নেতাকর্মীসহ ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৬টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা এবং বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি হাওলাদার মানিক অন্যতম।

রবিবার ডিএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লালবাগে বিশেষ অভিযান চালিয়ে হাওলাদার মানিককে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মিরপুর থানা পুলিশ। এ সময় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানীর লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাওলাদার মানিককে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। ৩৮ বছর বয়সী মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত