 সানন্দা বিল

লাল শাপলার রাজ্য

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ এএম

বিলটির নাম সানন্দা বিল। কিন্তু এ নামকে ছাপিয়ে এটি এখন পর্যটক ও সৌন্দর্যপিপাসুদের কাছে ‘শাপলা বিল’ নামে পরিচিতি পেয়েছে। বিলটিতে বিশালাকার সবুজ শাপলা পাতার ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে অসংখ্য লাল রঙের শাপলা ফুল। যত দূর চোখ যায় দেখা যায় ফুটন্ত লাল শাপলা। দূর থেকে দেখে মনে হয় এটি যেন লালগালিচার অপরূপ এক রাজ্য।

বিলটির অবস্থান মৌলভীবাজারের দুই ও হবিগঞ্জের একটি উপজেলা নিয়ে গঠিত বিস্তৃত হাইল হাওরে। যে ১৩১টি বিল নিয়ে এ জলাধার তার অন্যতম একটি বৃহৎ বিল এই সানন্দা। এটির অবস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে। গত বছর থেকে এ বিলটি অপার সৌন্দর্যময় শাপলা বিল হিসেবে পরিচিতি পেয়েছে। এ শাপলা বিলের কল্যাণে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত জলাধার এখন পর্যটননগরী শ্রীমঙ্গলের এক নতুন পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।

শ্রীমঙ্গল শহর থেকে যেকোনো যানবাহনে মির্জাপুর বাজারে যেতে সময় লাগে এক ঘণ্টার মতো। সেখান থেকে এক কিলোমিটার দূরের শাপলা বিলে ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশায় খুব সহজেই যাওয়া যায়। পুরো বিলটি ঘুরে দেখতে সময় লাগে ঘণ্টা-দেড় ঘণ্টার মতো। পাঁচ-ছয়জন মিলে নৌকা নিলে ভাড়া দিতে হয় ৫০০-৬০০ টাকা। এ ছাড়া জনপ্রতি ১০০-২০০ টাকাও নেন মাঝিরা।

এখন লাল শাপলার রাজ্যে হারিয়ে যেতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় করছে হাজারো মানুষ। এবারের শীত মৌসুমের শুরুতেই বিলটিতে নেমেছে মানুষের ঢল। প্রায় সবাই নৌকায় চড়ে বিলটির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্মৃতি ধরে রাখার জন্য মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

গতকাল রবিবার ভোরে সানন্দা বিল এলাকায় গিয়ে দেখা যায়, সূর্য ওঠার আগেই প্রত্যন্ত গ্রামে অসংখ্য মানুষের পদচারণা শুরু হয়েছে। কথা হয় নৌকার মাঝি সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এখন শাপলার মৌসুম। আর কিছু দিন পর শাপলা থাকবে না। তাই প্রতিদিন ফজরের আজানের আগেই দেশের বিভিন্ন স্থানের মানুষ ভিড় করে এ বিলে। আমরা ১৫-২০টি নৌকার মাঝি এখানে আসা মানুষদের নৌকায় করে পুরো বিল ঘুরিয়ে দেখাই। গত বছর থেকে শাপলার মৌসুমে নৌকা চালিয়ে আমরা লাভবান হচ্ছি। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি দেন। বখশিশও পাই। শাপলা বিল আমাদের পরিবারের স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে।’

মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘সানন্দা বিলটির লাল শাপলার কারণে আমাদের এলাকা এখন সরগরম। প্রতিদিনই হাজারো মানুষ আসছে। এ বিলটিকে কেন্দ্র করে এলাকার অটোরিকশা, নৌকাচালকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তেমনি বাজারের হোটেল-রেস্তোরাঁ, মুদি দোকান থেকে শুরু করে অন্য ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।’

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, ‘সানন্দা বিলটি সব সময়ই দেশীয় মাছের জন্য বিখ্যাত। এ জন্য বিলটির আলাদা একটি পরিচিতি রয়েছে। ইদানীং বিলটি লাল শাপলার কারণে নতুন করে পরিচিতি পেয়েছে। শাপলা রাতে ফুটে তাই ভোরে বা খুব সকালে এলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। তাই যারাই এখানে আসবেন তারা খুব সকালে বা ভোরে আসবেন।’

বিলটি ভ্রমণে আসা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কলেজ শিক্ষার্থী ফয়েজুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা হয়। তিনি গত বছর ফেসবুকে এ শাপলা বিল সম্পর্কে জেনেছেন। এবার দুই বন্ধুসহ এসেছেন। বিলটি দেখার জন্য আগের দিন বিকেলে শ্রীমঙ্গলে এসে এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেছেন। ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শাপলা বিলে এসেছেন। বললেন, ‘অসাধারণ শাপলা বিলটি দেখে আমরা মুগ্ধ। আমাদের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে একটি শাপলা লেক রয়েছে। সেটির চেয়ে শ্রীমঙ্গলের শাপলা বিল শতগুণ বড় ও সৌন্দর্যময়। আমরা খুবই খুশি।’

শহরের কালিঘাট সড়কের ব্যবসায়ী মো. রুহুল আমিন রুবেল বলেন, ‘শাপলা বিলের সৌন্দর্যের কথা শুনে দেখতে এসেছি। একসঙ্গে এত লাল শাপলা জীবনে প্রথমবারের মতো দেখলাম। লাখ লাখ শাপলা ফুল পুরো প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে রেখেছে।’ তিনি জানান, একটি বিষয় তার ভালো লাগেনি। অনেক পর্যটক শাপলা ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। এটি খুবই খারাপ একটি বিষয়। প্রকৃতির এ সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয় না। এখানে যারা আসেন তাদের প্রতি অনুরোধ করব, প্রকৃতি উপভোগ করেন; কিন্তু ফুল ছিঁড়ে নষ্ট করবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত